:

মজুরি অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে ২০১ পোশাক কারখানা বন্ধ:

top-news

নতুন মজুরি কাঠামো ঘোষণা ও বাস্তবায়নে কালক্ষেপণের অভিযোগে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের অন্তত ২০১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) শিল্পাঞ্চলে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মতো উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

অন্যদিকে, প্রতিবছর মজুরি পর্যালোচনার সুপারিশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতাশিল্পের ব্যবসায়ী সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)।

একই দিনে বাংলাদেশের অর্থনীতির পরবর্তী ধাপের প্রবৃদ্ধি অর্জনে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সাভার ও আশুলিয়ায় ১১২টি এবং গাজীপুরে ৮৯টি পোশাক কারখানায় কাজ বন্ধ ছিল। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১৪টি বন্ধ করা হয়েছে, আগে থেকেই সাধারণ ছুটি ছিল ৮টিতে এবং বুধবার নতুন করে ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গাজীপুরে বন্ধ থাকা ৮৯টি কারখানার মধ্যে ৫০টিতে সাধারণ ছুটি এবং ৩৯টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, দুপুরে কারখানা ছুটির পর আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নরসিংহপুর এলাকায়ও শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

অসন্তোষের কারণ ব্যাখ্যা করে খায়রুল মামুন মিন্টু বলেন, “শ্রমিকদের দাবি ছিল ডিসেম্বরের আগেই মজুরি কাঠামো ঘোষণা করে ১ ডিসেম্বর থেকে তা কার্যকর করা। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকেরা কাজে ফিরলেও গত ১৬ নভেম্বরের বোর্ড সভা স্থগিত করা হয় এবং মালিকপক্ষও এখনো কোনো প্রস্তাব দেয়নি। এতে শ্রমিকদের মধ্যে কালক্ষেপণের সন্দেহ তৈরি হয়েছে।”

সিপিডির প্রস্তাব ২৪,২০৪ টাকা
চলমান অসন্তোষের মুখে বুধবার ঢাকার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি অন্তত ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ করেছে সিপিডি। চার সদস্যের একটি পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় খাদ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যয়, আবাসন ও সামান্য সঞ্চয়ের হিসাব ধরে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

সিপিডি জানায়, বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে একই জীবনমান ধরে রাখতেই এখন ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন। আর পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে হলে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা দরকার। তাই সংশ্লিষ্ট পক্ষগুলোকে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরি নির্ধারণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিরা ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করেছেন। আগামী সোমবারের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সংগঠনের চিঠি
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতিবছর পর্যালোচনার সুপারিশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)।

গত ১৫ নভেম্বর সংগঠনটির প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন লামার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০২৩ সালের পর মজুরি সমন্বয় না হওয়ায় এবং উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানির দামের কারণে শ্রমিক পরিবারগুলো চাপে রয়েছে। প্রতিবছর মজুরি পর্যালোচনা হলে বারবার উত্তেজনা তৈরির প্রবণতা কমবে।

চিঠিতে অন্তর্ভুক্তিমূলক আলোচনা, আইএলও নীতিমালা অনুযায়ী মৌলিক চাহিদা ও অতিরিক্ত ব্যয়ের সক্ষমতা রেখে মজুরি নির্ধারণ এবং সরকারের কার্যকর ত্রিপক্ষীয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা না চালানো, ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার বা প্রতিশোধমূলক ব্যবস্থা না নেওয়ার আহ্বান জানিয়েছে এএএফএ।

পণ্যের দাম নির্ধারণে শ্রম ব্যয় বিবেচনায় নিতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো প্রতিশ্রুতিবদ্ধ বলেও চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির অনুলিপি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিজিএমইএ, বিকেএমইএ ও এলএফএমইএবি সভাপতিকে পাঠানো হয়েছে।

আর্থিক বাজার শক্তিশালী করার তাগিদ এডিবির
এদিকে ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফর শেষে বুধবার এক বিবৃতিতে এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে আরও শক্তিশালী আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি খাতবান্ধব সংস্কার প্রয়োজন।

সফরকালে এডিবি ও বাংলাদেশ সরকার যৌথভাবে অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের বাধা শনাক্ত করতে পাঁচ শতাধিক সূচকসংবলিত ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে। এ ছাড়া ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতাসম্পন্ন ছয়টি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ সংগ্রহে পরামর্শমূলক সহায়তা সম্প্রসারণের চুক্তিও সই করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *