পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শুরু
- ডেস্ক রিপোর্ট:
- 17 Nov, 2026
দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ।প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ।
আজ মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লেখাল বাংলাদেশ। এই ঐতিহাসিক ক্ষণে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি কার্যক্রমের পর এই পরীক্ষামূলক সংযোগ দেওয়া হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের তথ্য অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় প্রায় আট থেকে ১০ ঘণ্টা গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর আরও নিখুঁত কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িক বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে অন্যান্য পরীক্ষা সম্পন্ন করা হবে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সম্ভব না হলেও, সরবরাহের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রিডের ভারসাম্য রক্ষায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সার্বক্ষণিক নজরদারি করবে।
উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে ধাপে ধাপে লাইসেন্স ও অনুমোদন নেওয়া হবে। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের সঙ্গে চুক্তি অনুযায়ী, টানা ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা বাস্তবায়ন করছে পরমাণু শক্তি কমিশন ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণাধীন এই প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রকল্পের মূল খরচ বাড়ানোর সুযোগ না থাকলেও ডলারের দাম বৃদ্ধির কারণে এর ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়ে বর্তমানে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পরই রূপপুর কেন্দ্রটি আন্তর্জাতিকভাবে পারমাণবিক স্থাপনার স্বীকৃতি লাভ করেছিল, আর আজ পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

