উত্তপ্ত শিল্পাঞ্চল: শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ
- ডেস্ক রিপোর্ট:
- 17 Nov, 2026
শ্রমিক অসন্তোষের জেরে দেশের প্রধান দুই শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার খবরে শ্রমিকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও ক্ষোভ থেকেই এই অসন্তোষের সূত্রপাত।
তবে পরিস্থিতি শান্ত করতে আগামী ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো কার্যকরের আশ্বাস দিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান।
মঙ্গলবার দিনভর বিক্ষোভ ও উত্তেজনার জেরে সাভার ও আশুলিয়া এলাকার প্রায় ৮০টি এবং গাজীপুরের ৫৬টি কারখানায় সাধারণ ছুটি বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চল সাভারের হেমায়েতপুর, পদ্মার মোড়, বাঘবাড়ী ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে এসব কারখানা ছুটি দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে।
অন্যদিকে, গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গাজীপুরে আজ নতুন করে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আগের দিন থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক নেতাদের মতে, ন্যূনতম মজুরি নির্ধারণের তৃতীয় সভাটি হঠাৎ স্থগিত হওয়ায় শ্রমিকরা বিভ্রান্ত হয়ে নতুন করে এই আন্দোলনে নামেন।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় জরুরি সংবাদ ব্রিফিং করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, বোর্ডের একজন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত সভাটি স্থগিত করা হয়েছিল, যা নিয়ে শ্রমিকদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
স্থগিত হওয়া সেই সভাটি আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় পুনরায় অনুষ্ঠিত হবে। তিনি নিশ্চিত করেন, যত দ্রুত সম্ভব নতুন বেতন কাঠামো চূড়ান্ত করে তা ১ ডিসেম্বর থেকেই কার্যকর করা হবে এবং জানুয়ারিতেই শ্রমিকরা নতুন স্কেলে বেতন হাতে পাবেন।
এছাড়া, নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর কারও কোনো আপত্তি, যুক্তি বা মতামত থাকলে তা জানাতে ১৪ দিনের সময় দেওয়া হবে বলেও জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

