:

হোয়াইট হাউসে নিষিদ্ধ সিএনএন ও পলিটিকো! চালু হলো ট্রাম্প টিভি

top-news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিয়ে ‘ভুয়া ও কাল্পনিক’ খবর প্রকাশের অভিযোগ এনে প্রভাবশালী তিন সংবাদমাধ্যম—সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই আকস্মিক সিদ্ধান্তের কথা জানান।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কোনো নির্দিষ্ট প্রতিবেদন নয়, বরং গত দুই বছরের ‘ধারাবাহিক ও ইচ্ছাকৃত নেতিবাচক প্রতিবেদন’ রিপাবলিকান প্রশাসনকে দুর্বল করার চেষ্টার অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও কিছু সংবাদমাধ্যম এই নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

ট্রাম্পের এই সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অভিযোগ করেছেন, এসব সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদন মার্কিন সেনাদেরও ঝুঁকির মুখে ফেলেছে।

তবে ট্রাম্পের এই ঘোষণাকে তীব্র নিন্দা জানিয়ে সিএনএন একে মার্কিন সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ‘অবৈধ আক্রমণ’ বলে অভিহিত করেছে। পলিটিকো জানিয়েছে, তাদের প্রথম সংশোধনীর অধিকার সীমিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা জোরালোভাবে আইনি লড়াই চালাবে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এই সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অসাংবিধানিক’ ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি এবং ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড নিম্ন পর্যায়ে থাকার এই সময়ে এমন নজিরবিহীন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *