:

১৫ বছরের অপেক্ষার অবসান: বাংলাদেশে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

top-news

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দেড় দশক পর অবশেষে বাংলাদেশের মাটিতে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। আসছে জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির এই সিরিজ হবে মিরপুর ও চট্টগ্রামে।

শুক্রবার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক লড়াই। এরপর ১১ ও ১৪ জুন মিরপুরেই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। ঢাকার পর্ব শেষ করে দুই দল উড়ে যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন গড়াবে টি-টোয়েন্টির মহারণ। দুই সপ্তাহেরও কম সময়ের এই সংক্ষিপ্ত সফরটি মূলত অস্ট্রেলিয়ার বৃহত্তর উপমহাদেশীয় সফরেরই একটি অংশ।

বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১১ সালের এপ্রিলে। মিরপুরে অনুষ্ঠিত সেই তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা। শেন ওয়াটসনের ৯৬ বলে ১৫টি ছক্কা ও সমানসংখ্যক চারে সাজানো অপরাজিত ১৮৫ রানের সেই বিধ্বংসী ইনিংসটি ক্রিকেটপ্রেমীদের এখনো মনে থাকার কথা। মাইকেল ক্লার্কের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া সেই সিরিজে সেঞ্চুরি পেয়েছিলেন মাইকেল হাসিও।

অন্যদিকে, অস্ট্রেলিয়া সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালের আগস্টে। সেবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে অজিদের উড়িয়ে দিয়েছিল টাইগাররা। নাথান এলিসের অভিষেকেই হ্যাটট্রিক করার পাশাপাশি সেই সফরে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতার কারণে অস্ট্রেলিয়ান দর্শকদের খেলা দেখতে না পারার বিষয়টি বেশ আলোচিত হয়েছিল।

তবে এবার আর অস্ট্রেলিয়ান দর্শকদের হতাশ হতে হচ্ছে না। ফক্সটেল গ্রুপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে নতুন সম্প্রচার চুক্তির ফলে ২০১১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হওয়া কোনো দ্বিপাক্ষিক সিরিজ সরাসরি দেখতে পারবেন অজি সমর্থকরা। ফক্স ক্রিকেট ও কায়ো স্পোর্টসে ম্যাচগুলো সরাসরি সম্প্রচারিত হবে।

আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর এই সিরিজ দিয়েই আবারও সংক্ষিপ্ত সংস্করণে মাঠে নামবে তারা। এই সফরের রেশ কাটতে না কাটতেই আগামী আগস্টে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *