:

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

top-news

১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ দেন। টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আদালতের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর। জারি করা রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় দেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এর ফলে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো প্রবণতা দেখা দিচ্ছে এবং শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঢাকার প্রতি ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়, যা শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে অনেক বেশি।

ওই গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *