পোশাকশিল্পে অস্থিরতায় হাতছাড়া ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ, সহিংসতায় আইএলওর উদ্বেগ
- ডেস্ক রিপোর্ট:
- 22 Nov, 2026
তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। ডলারের বর্তমান বাজারদর (১২৫ টাকা) অনুযায়ী এর পরিমাণ প্রায় ৩ হাজার ১৭৫ কোটি টাকা বা ২৫ কোটি ৪০ লাখ ডলার।
এ ছাড়া আন্দোলনের নামে ভাঙচুর, সহিংসতা ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষয়ক্ষতির এই চিত্র উঠে এসেছে।
খাতটির প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণে বিজিএমইএ সদস্য কারখানাগুলোর ওপর চার দিনের একটি জরুরি জরিপ পরিচালনা করে। জরিপে তথ্য দেওয়া ৩১৭টি কারখানার হিসাব অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিরতার কারণে সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে শুধু ওই ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ ডলার (এফওবি মূল্যমান)।
বিজিএমইএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হওয়ায় প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বড়। সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন চরম ঝুঁকিতে রয়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
সংগঠনটি মনে করে, আর্থিক সংখ্যার চেয়েও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবিকার স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণের মাধ্যমে দ্রুত এ সংকট কাটানোর আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
এদিকে, মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাত ঘটার খবরে উদ্বেগ জানিয়েছে আইএলওর বাংলাদেশ কার্যালয়। এক বিবৃতিতে সংস্থাটি উত্তেজনা প্রশমন করে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ডকে তার নির্ধারিত দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
আইএলও বলেছে, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ হতে হবে স্বচ্ছ, প্রমাণভিত্তিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে। এ ক্ষেত্রে মূল্যস্ফীতি ও শ্রমিক পরিবারের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি কারখানার উৎপাদনশীলতা, সক্ষমতা ও অর্থনৈতিক স্থায়িত্বের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি। একই সঙ্গে মজুরি ও কর্মপরিবেশের টেকসই উন্নয়নে উৎপাদনকারী থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রেতা—পুরো সরবরাহব্যবস্থায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছে সংস্থাটি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

