:
ব্রেকিং নিউজ

লক্ষ্মীপুরে মাটির ব্যবসার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে ‘খোরশেদ বাহিনীর’ প্রধানকে গুলি করে হত্যা

top-news

লক্ষ্মীপুর সদর উপজেলায় মাটির ব্যবসার আধিপত্য ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ।

পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদ স্থানীয় ‘খোরশেদ বাহিনী’ নামে একটি সশস্ত্র সন্ত্রাসী দলের প্রধান ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক জানান, খোরশেদ একটি সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। অভ্যন্তরীণ কোন্দল ও মাটির ব্যবসার বিরোধের জেরে ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু ও জহিরসহ চার-ছয়জন এই হত্যাকাণ্ডে অংশ নেয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

নিহত খোরশেদের স্ত্রী ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে তারা ছুটে গিয়ে জানতে পারেন প্রতিপক্ষ ওয়ালিদ তাকে গুলি করেছে। মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্ন সময় খোরশেদকে হত্যার হুমকি দিয়েছিল। স্বামীকে হারিয়ে বর্তমানে সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নিহতের স্ত্রী।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় এবং তাঁর বুকে কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *