:

অডিও বিতর্কের পর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল

top-news

সরকার, পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিতর্কিত বক্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা–ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অডিও ফাঁসের ঘটনার তদন্ত প্রতিবেদন জমার পর ক্যান্টনমেন্ট থানায় পুলিশ বাদী হয়ে রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করে। এরপরই তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন পাঠানো হয়।

গত ১৬ সেপ্টেম্বর রাতে রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে তাঁকে সরকারের স্থায়িত্ব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা এবং বর্তমান পুলিশের সক্ষমতা নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়।

এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং ওসি পদায়নে বিপুল অর্থ লেনদেনের মারাত্মক অভিযোগও তোলেন তিনি।

ঘটনাটি ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হলে ১৭ সেপ্টেম্বর তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয় এবং গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রতিবেদন বুধবার ডিএমপি কমিশনারের কাছে জমা দেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেপ্তারের এই আইনি সিদ্ধান্ত নেওয়া হলো।

ডিএমপি জানিয়েছে, এই রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাঁকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *