ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই ‘অটো ফাইন সিস্টেম’: কমবে দুর্ঘটনা, বন্ধ হবে চাঁদাবাজি
- ডেস্ক রিপোর্ট:
- 18 Aug, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা রক্ষা এবং চাঁদাবাজি বন্ধে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ‘অটো ফাইন সিস্টেম’।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই যুগান্তকারী প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং ট্রাফিক পুলিশের নামে সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ হবে। মহাসড়কে কেউ গতিসীমা অতিক্রম করলে, অবৈধ পার্কিং করলে, থ্রি-হুইলার চালালে কিংবা উল্টোপথে গাড়ি চালালে তা সরাসরি এআই ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে।
অপরাধ শনাক্তের সঙ্গে সঙ্গে তথ্য চলে যাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভারে এবং তাৎক্ষণিকভাবে গাড়ির নিবন্ধিত মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে মামলার বিবরণ ও জরিমানার অঙ্ক জানিয়ে দেওয়া হবে। গাড়ির মালিকরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই জরিমানা পরিশোধ করতে পারবেন।
বারবার আইন লঙ্ঘনকারীদের ক্ষেত্রে বিআরটিএর নিয়ম অনুযায়ী নিবন্ধন বাতিলের মতো কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় আনতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৪২৭টি স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কোনো ধরনের মানবিক হস্তক্ষেপ ছাড়াই দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

