:

রাশিয়ায় গ্যাস পাইপ বিস্ফোরণে আহত ৩৫ বাংলাদেশী, নিখোঁজ ১

top-news

রাশিয়ার আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ৩৫ বাংলাদেশী কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ দুই বাংলাদেশী কর্মীর একজনকে পাওয়া গেছে। অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস।

গত ২৫ আগস্ট স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এজিসিসি প্রকল্পের সিনোপেক প্লান্ট-৪ ও প্লান্ট-১০ এলাকায় পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে এ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তথ্যানুযায়ী, পরীক্ষার সময় একটি পাইপ ফেটে আগুন ধরে যাওয়ার পর ব্যাপক বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্লান্ট-১০এ কর্মরত ২৩ বাংলাদেশী কর্মীর মধ্যে ৯ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এছাড়া ১২ জন বাংলাদেশি কর্মীকে ডরমেটরিতে ফিরিয়ে আনা হয়েছে। নিখোঁজ দুই বাংলাদেশী কর্মীর একজনকে পাওয়া গেছে; অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন।

মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান  বলেন, আহতদের মধ্য থেকে শারীরিকভাবে সংকটাপন্ন দুই বাংলাদেশী কর্মীকে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৭ হাজার ৫০০ কিলোমিটার দূর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তাদের চিকিৎসা ও স্থানান্তর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ দূতাবাস সজাগ দৃষ্টি রাখছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে।

ঘটনার পর থেকে বাংলাদেশ দূতাবাস প্রকল্পের কোম্পানি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

দূতাবাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ওই কোম্পানির প্রকল্পে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশী কর্মী যান। বর্তমানে প্রকল্পটি শেষ পর্যায়ে থাকায় প্লান্ট ৪ ও ১০ মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ কর্মী সেখানে কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *