যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
- ডেস্ক রিপোর্ট:
- 14 Mar, 2026
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যেই উত্তর কোরিয়া শনিবার (১৪ মার্চ) ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এগুলো দেশটির পূর্ব উপকূলের সাগরের দিকে নিক্ষেপ করা হয়।
জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, তারা একটি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাগরে পড়তে দেখেছে। জাপানের গণমাধ্যম এনএইচকে জানায়, এটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, দেশটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে।
এই কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। তবে এসব নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ং তাদের সামরিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই সপ্তাহে শুরু করেছে তাদের বার্ষিক বড় সামরিক মহড়া “ফ্রিডম শিল্ড”। দুই দেশ জানিয়েছে, এই মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
শনিবার মহড়ার অংশ হিসেবে শত শত মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনা নদী পারাপার অনুশীলন চালায়। এতে ট্যাংক ও সাঁজোয়া যুদ্ধযান ব্যবহার করা হয়। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
তবে উত্তর কোরিয়া প্রায়ই এসব মহড়াকে তাদের বিরুদ্ধে যুদ্ধের মহড়া বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানায়।
এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় সংলাপ শুরু করার উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ট্রাম্পও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

