:

চট্টগ্রামে ২০লাখ টাকা চাঁদা দাবি: হামলা ভাংচুর ককটেল বিস্ফোরণ

top-news

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

২৬ জুলাই রোববার সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোড-সংলগ্ন আবাসিক এলাকায় মো. জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ এ ঘটনা নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন হাটহাজারী থানার বড় দিঘীরপাড় এলাকায় চাল ও চিনির পাইকারি ব্যবসা করেন। সম্প্রতি তিনি ১০তলা ভবনটির নির্মাণকাজ শুরু করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা প্রায় ১০ জন সশস্ত্র ব্যক্তি টেম্পোতে করে এসে ব্যবসায়ী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের সামনে নামেন। পরে তারা ভবনের ভেতরে ঢুকে শ্রমিকদের মারধর ও দরজা-জানালা ভাঙচুর করে। একপর্যায়ে নির্মাণশ্রমিক হাসান সাকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

ভবনের নিরাপত্তারক্ষীসহ আরও কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়। পালিয়ে যাওয়ার আগে হামলাকারীরা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতংক তৈরি করে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার ঘটনা দেখা গেছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এিদেক, ব্যবসায়ী জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। শহরে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলার ঘটনায় সবাই প্রতিবাদ করার পর তারা কিছুদিন চুপ ছিল। তবে প্রায় এক সপ্তাহ আগে আবার ফোন করে চাঁদা দাবি শুরু করে।

ঘটনার বিষয়ে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন বলে জানান। তবে কারা এই ঘটনার সাথে জড়িত, নেপথ্যে কারা আছেন এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *