হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ১৮শিশু ভর্তি: এক শিশুর মৃত্যু
- ডেস্ক রিপোর্ট:
- 02 Apr, 2026
চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ১৮শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৬ জনে।
এদিকে, হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শিশুটির বয়স ৯ মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ নিয়ে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো।
নতুন করে ১৮ জন রোগী নগরী ও উপজেলার হাসপাতালগুলোতে ভর্তি হয় বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
হাসপাতালে ভর্তি হওয়া ৭৬জনের মধ্যে ৮ জনের নমুনায় হাম শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হওয়াদের মধ্যে ৬ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা।
এছাড়া হাম শনাক্তের জন্য চট্টগ্রাম জেলা থেকে ২০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে গতকাল পর্যন্ত ৯১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানাগেছে, হামে মারা যাওয়া শিশুটি এর আগে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে গতকাল রাতে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) নেওয়া হয়। পরে সেখানে শিশুটির মৃত্যু হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুটিও কক্সবাজার অঞ্চলের। তার বয়স ছয় মাসের কম বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে নগরবাসীকে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডা: শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের কাছে পর্যাপ্ত টিকা মজুত আছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

