চট্টগ্রামে বহুতল ভবনে আগুন শ্বাসরুদ্ধ হয়ে ২ জনের মৃত্যু
- ডেস্ক রিপোর্ট:
- 19 Mar, 2026
চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারের একটি বহুতল ভবনে লাগা আগুনের ধোঁয়ায় দুই জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে একজন।নিহতরা হলেন–চতুর্থ তলার একটি টেইলার্সের কর্মচারী চট্টগ্রামের পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস ও পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজায় আগুন লাগে। চতুর্থ তলার ওই টেইলার্সের দোকান থেকেই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এসময় ভবনটি থেকে দুইজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক জানান, আগুনে আহতদের মধ্যে দুই জনকে চমেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আহত মোহাম্মদ মামুন নামে একজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। #
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

