নির্বাচনকে ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা সৃষ্টি করছে-আমীর খসরু
- ডেস্ক রিপোর্ট:
- 09 Feb, 2026
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে ঘিরে কিছু অপতৎপরতা জনমনে শঙ্কা সৃষ্টি করছে। কেউ কেউ সিল, ব্যালট তৈরি করছে, বোরকা বানাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, এমনকি এনআইডি নম্বর সংগ্রহ করছে,এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ নগরীর মেহেদীবাগে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচনী ভোটের উৎসব শুরু হয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।তিনি অঙ্গীকার করেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে চট্টগ্রাম-১১ আসনে ১১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, বিএনপি নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ, বন্দর আধুনিকীকরণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে।
আমীর খসরু আরও বলেন, চট্টগ্রামকে বন্দরকেন্দ্রিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামকে লজিস্টিক হাব এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য রয়েছে বিএনপির। বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে নগর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আগামী দিনের দেশ পরিচালনায় মহাপরিকল্পনা রয়েছে তারেক রহমানের। বিএনপির ওপর জনগণের আস্থা রয়েছে।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই নির্বাচন চায় না কারণ জনগণের ওপর তাদের আস্থা নেই। যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, দেশের জনগণ তাদের অপচেষ্টা রুখে দেবে। কোনো কিছু দিয়েই নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের ভাবনা বাস্তব রূপ পাবে। এজন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

