:

ছাড় দিয়েও কমছে না খেলাপি ঋণ, তিন মাসে বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

top-news

বিভিন্ন নীতিসহায়তা ও ছাড় দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমছে না। উল্টো চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খেলাপি ঋণ বেড়েছে আরও ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়, যা বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি বেড়ে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকায় পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা এবং খেলাপির হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ও হার—দুটিই বেড়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকায়।

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেশ কিছু নীতিসহায়তা দিয়েছে। এর মধ্যে রয়েছে মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফের মাধ্যমে এককালীন এক্সিট সুবিধা এবং বড় ঋণখেলাপিদের ১৫ বছর মেয়াদে ঋণ পুনর্গঠনের সুযোগ। তবে এসব ছাড়ের পরও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তথ্য অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮২ কোটি টাকা। পরবর্তী দেড় দশকে তা বেড়ে ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা দাঁড়ায়, যা তখনকার বিতরণকৃত ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ ছিল।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে তা রেকর্ড ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকায় পৌঁছায়।

খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের সক্ষমতাও চাপে পড়েছে। সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের প্রায় ৯৩ শতাংশ বা ৫ লাখ ৮১ হাজার ৪৯৫ কোটি টাকাই মন্দ ঋণে পরিণত হয়েছে, যা স্বাভাবিক প্রক্রিয়ায় আদায়ের সুযোগ সীমিত করে তুলেছে।

ব্যাংকের ধরন অনুযায়ী খেলাপি ঋণের হারে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের ৩ লাখ ২১ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা বা ৪৬ দশমিক ৫৯ শতাংশ।

এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১ হাজার ৯২৫ কোটি টাকা; বিপরীতে সংরক্ষণ করা গেছে মাত্র ২৭ হাজার ৮৪২ কোটি টাকা। এতে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৩ কোটি টাকায়—যদিও নীতি ছাড়ের কারণে প্রকৃত ঘাটতির চিত্র আরও বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে সেপ্টেম্বর শেষে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ১৪ লাখ ২২ হাজার ৩৩৫ কোটি টাকা ঋণের মধ্যে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা খেলাপি, যা মোট ঋণের ৩২ দশমিক শূন্য ২ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৯৫ কোটি টাকায়।

এ ছাড়া বিশেষায়িত সরকারি ব্যাংকগুলোর ৪৬ হাজার ৩২৫ কোটি টাকা ঋণের মধ্যে ১৮ হাজার ৩০৩ কোটি টাকা খেলাপি, যা এ খাতের ৩৯ দশমিক ৫১ শতাংশ। আর বিদেশী ব্যাংকগুলোর ৬৬ হাজার ১৭৬ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের হার ৫ দশমিক ৯২ শতাংশ।

তবে সাম্প্রতিক এই বৃদ্ধির পরও আগামী ডিসেম্বর নাগাদ খেলাপি ঋণ কমে আসবে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতিসহায়তাগুলো দিয়েছে, ব্যাংক ও গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সেসবের অনেকগুলোই কার্যকর হচ্ছে। অনেক প্রস্তাব যাচাই-বাছাই ও পর্ষদের অনুমোদনের পর বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। ফলে ডিসেম্বর নাগাদ একটি ইতিবাচক ফল দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি যারা এত ছাড়ের পরও ঋণ পুনঃতফসিল করবেন না, তাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে বলেও সতর্ক করেন আরিফ হোসেন খান। ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন পাস হলে এসব গ্রাহকের পরিস্থিতি আরও নাজুক হবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *