:

আবারও কি বাড়ছে এলপিজির দাম? দাম পুনর্নির্ধারণে গণশুনানি উদ্যোগ বিইআরসির

top-news

চলতি মাসের শুরুতেই এক লাফে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে সাধারণ ভোক্তাদের রীতিমতো চমকে দিয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অস্বাভাবিক এই দাম বৃদ্ধির অসন্তোষের মাঝেই এবার সরকারি ও বেসরকারি এলপিজির দাম, ডিলার-রিটেইলার কমিশন এবং বোতলজাতকরণ খরচ পুনর্নির্ধারণের জন্য উন্মুক্ত গণশুনানির ডাক দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ২৯ অক্টোবর রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে এই গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে।

বিইআরসির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই শুনানিতে সরকারি এলপিজির বর্তমান দাম পরিবর্তনের পাশাপাশি বেসরকারি খাতের এলপিজির মজুতকরণ, বোতলজাতকরণ চার্জ এবং পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন পরিবর্তনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

মূলত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল) এবং বেসরকারি খাতের বেশ কয়েকটি লাইসেন্সধারী প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতেই আইনি বাধ্যবাধকতা মেনে এই শুনানির আয়োজন করা হয়েছে।

গত ৪ অক্টোবর এক ঘোষণায় ১২ কেজির বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বিইআরসি। নতুন এই বর্ধিত দর ঘোষণার দিন সন্ধ্যা থেকেই কার্যকর হওয়ায় সাধারণ ভোক্তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এর মাঝেই কমিশন বাড়ানোর দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রয় প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

তবে বুধবার বিইআরসি চেয়ারম্যান এবং সরকারি প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক ও দাবি বিবেচনার আশ্বাস পাওয়ার পর ওই ধর্মঘট প্রত্যাহার করে নেয় সংগঠনটি।

জনগুরুত্বপূর্ণ এই শুনানিতে চাইলেই অংশ নিতে পারবেন সাধারণ ভোক্তারাও।

বিইআরসি জানিয়েছে, এলপিজির দাম বা প্রস্তাবগুলোর বিষয়ে আগ্রহী যেকোনো ব্যক্তি, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সংস্থাকে আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাদের লিখিত মতামত বা বক্তব্য কমিশনে জমা দিতে হবে।

কেউ যদি শুনানিতে সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করতে চান, তবে তাকেও একই তারিখের মধ্যে কমিশনে নাম নিবন্ধন করতে হবে।

আগ্রহী অংশীজনরা চাইলে প্রতিষ্ঠানগুলোর দেওয়া প্রস্তাব বিইআরসির কার্যালয় ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পর্যালোচনা করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *