:

বরিশালে সমকাল কার্যালয় থেকে সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

top-news

বরিশাল নগরীতে জাতীয় দৈনিক সমকালের ব্যুরো কার্যালয় থেকে পত্রিকাটির সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকালের ব্যুরো অফিস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীদের সূত্রে জানা গেছে, ওই ভবনের দোতলায় সমকাল এবং তিনতলায় যুগান্তরসহ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।

শুক্রবার ছুটির দিন থাকায় অফিস সহকারী উপস্থিত ছিলেন না। সন্ধ্যার দিকে পুলক চ্যাটার্জির স্ত্রী ফোনে তাকে না পেয়ে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সমকালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী কার্যালয়ে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দরজার ফাঁক দিয়ে পুলক চ্যাটার্জিকে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি সহকর্মীদের জানান এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের দিকে সমকালের ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই পুলক চ্যাটার্জি বেকার ছিলেন এবং দীর্ঘ সময় ধরে হতাশায় ভুগছিলেন। তবে কার্যালয়ের একটি বিকল্প চাবি তার কাছে থাকায় তিনি প্রায়ই সেখানে এসে সময় কাটাতেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি এবং স্ত্রী নিলোৎপলা মুখার্জি জানান, চাকরি হারানোর পর থেকেই তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন, তবে তিনি এমন পদক্ষেপ নেবেন তা পরিবারের কেউ ধারণা করতে পারেননি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

বরিশাল মহানগর পুলিশের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *