কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত
- ডেস্ক রিপোর্ট:
- 06 Jul, 2026
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পসহ দুটি স্থানে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।
আজ ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরে এসব ঘটনা ঘটেছে।
এদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আট জন এবং কক্সবাজার শহরে পাহাড়ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
উখিয়া ফায়ার সার্ভিস জানায়, গতকাল সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছিল। রাত ১টায় উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মোহাম্মদ কামাল হোসেন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) ও ছেলে মোহাম্মদ আনাস (৪) মারা যায়।
একই সময়ে কুতুপালংয়ের ৭ নম্বর ক্যাম্পে পাহাড়ি ঢলের কাদার নিচে চাপা পড়ে একরাম নামের সাত বছরের আরেক শিশু মারা যায়।
পরে ৩টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আরও চারজনের মৃত্যু হয়। তারা হলেন উম্মে হাবিবা (২৭) ও তার বোন তানজিনা আক্তার (১৩) এবং দুই ভাই—রিহান (৫) ও হারুনুর রশিদ (৩) । এ সময় আরও একজন আহত হন। ফায়ার সার্ভিস সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।
উখিয়ার ইউএনও পান্না আক্তার ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, পাহাড়ধসের ঝুঁকি থাকায় বিপজ্জনক এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে।
এদিকে, ভোর সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরের সাত্তার ঘোনা এলাকায় আলী আকবরের (৫০) ঘরের ওপর পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এতে তিনি ও তার পরিবারের আরও দুজন মাটিচাপা পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও দুদিন চলতে পারে বলে জানান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

