মিরসরাইতে ট্রাক-ট্রেন সংঘর্ষ: দুই ঘন্টা বন্ধ ছিল রেল যোগাযোগ
- ডেস্ক রিপোর্ট:
- 07 Jun, 2026
চট্টগ্রামের মীরসরাইতে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন যোগাযোগ দু'ঘন্টা বন্ধ ছিল।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া ও চিনকি আস্তানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ঢাকামুখী (আপ) লাইন এবং চট্টগ্রামমুখী (ডাউন) লাইন সচল হয়।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে নয়টার দিকে বড়তাকিয়া ও চিনকি আস্তানার মাঝামাঝি এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন লাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
ধাক্কায় ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ে যায়। তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর পরই রেললাইনের ওপর থেকে বালুবাহী ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আপ লাইন (ঢাকামুখী) পরিষ্কার করা হলে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ডাউন লাইন (চট্টগ্রামমুখী) এখনো বন্ধ থাকায় ঢাকাগামী ও চট্টগ্রামগামী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
এর মধ্যে চট্টগ্রামমুখী ‘বিজয় এক্সপ্রেস’ চিনকি আস্তানা স্টেশনে এবং আন্তঃনগর ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ফেনী স্টেশনে আটকে পড়ে। পরে রেলওয়ে কর্মীরা গিয়ে উভয় লাইন পরিস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে দ্রুত কাজ করে আপ লাইনটি (ঢাকামুখী) বাধামুক্ত করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এখন আপ ও ডাউন উভয় লাইন সচল রয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বালুর ট্রাকটি কাত হয়ে পড়েছিল। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এখন স্বাভাবিক হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

