চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার জাহাজ ‘রেজকি’ ও ‘সোভারশেনি’
- ডেস্ক রিপোর্ট:
- 25 Mar, 2026
চার দিনব্যাপী শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ার নৌবাহিনীর দুটি
যুদ্ধ জাহাজ ‘রেজকি’ ও ‘সোভারশেনি’। ২৪ মার্চ জাহাজ দুটি চট্টগ্রাম
বন্দরে এসে পৌঁছায়।
বাংলাদেশ নৌবাহিনীর প্রথাগত নিয়ম অনুযায়ী বাংলাদেশে সফররত রাশিয়ার যুদ্ধ জাহাজ দুটিকে স্বাগত জানায়।
এসময়
চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ দুটির ক্যাপ্টেন, কর্মকর্তা ও
নাবিকদের স্বাগত জানান। এ সময় রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর
ভ্যাচেস্লাভ সেন্টিউরিন এবং রাশিয়ার সামরিক, বিমান ও নৌ অ্যাটাশে কর্নেল
পাভেল ইভাশিনিকভও উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থানকালে সফররত জাহাজগুলোর ক্যাপ্টেনরা রুশ দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক।
এই সফরের অংশ হিসেবে কর্মকর্তা ও নাবিকরা
বাংলাদেশ নৌ একাডেমিতে সোভিয়েত নাবিক ইউরি রেডকিনের সমাধিসৌধ পরিদর্শন এবং
নৌ প্রশিক্ষণ ঘাঁটি সফর করবেন।
শুভেচ্ছা সফরটি রাশিয়া-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন পথ তৈরি করার একটি সুযোগ হয়ে উঠবে বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

