:

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

top-news

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে যেসব শহীদ প্রাণ উৎসর্গ করেছেন, তাদের স্মরণে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের পক্ষ থেকে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান—চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান, চিফ অব ন্যাভাল স্টাফ অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও চিফ অব এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এর পর ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান ১১ দলীয় জোটের নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও।

এদিেক, শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। অনেকেই পরেছেন একুশের প্রতীক সাদা–কালো পোশাক। ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি।

প্রভাতফেরিতে এর মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

শ্রদ্ধা নিবেদন করা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটি, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, বাসদ (মার্ক্সবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *