:

এমপি হিসাবে শপথ নিলেন বিএনপির সাংসদরা

top-news

ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জয়ী সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর এই বৈঠক হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শায়রুল কবির খান।

এর আগে বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির নির্বাচিত প্রার্থীরা। তাঁদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তাঁরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন।

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’

আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না—আনুষ্ঠানিকভাবে দলীয় এই সিদ্ধান্ত জানান সালাহউদ্দিন আহমদ।

বিএনপির নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘…সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব।’

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে হিসেবে নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া কথা। কিন্তু শপথের আগে বিএনপি জানাল, দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত প্রার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১২টা ২৩ মিনিটে জামায়াতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। আর দুপুর ১২টা ২৭ মিনিটে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়। জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের পৃথকভাবে এই দুই শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন। 


এর আগে আজ সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেছিলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না। কারণ, তাঁরা মনে করেন, সংস্কারবিহীন সংসদ অর্থহীন।

শেষ পর্যন্ত জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *