:

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের হয়রানি বেড়েছে-আসক

top-news

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের হয়রানি উল্লেখযোগ্য হারে বেড়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, গত ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনায় দুইজন নিহত ও ৪৮৯ জন আহত হয়েছেন।

এর আগে, জানুয়ারির শেষ ১০ দিনে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনা ঘটে, যাতে চারজন নিহত ও ৪১৪ জন আহত হন বলে সংস্থাটি জানায়। 

এছাড়া, জানুয়ারির ১ থেকে ১০ তারিখের মধ্যে রাজনৈতিক সহিংসতার আটটি ঘটনায় পাঁচজন নিহত ও ২৬ জন আহত হন। ১১ থেকে ২০ জানুয়ারির মধ্যে ১৮টি ঘটনায় দুইজন নিহত ও ১৭৬ জন আহত হন।

নির্বাচনকালীন সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। 

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে ১১ সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। যা ২০২৬ সালের জানুয়ারিতে বেড়ে দাঁড়ায় ১৬ জনে।

অথচ, ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই সারা দেশে অন্তত ৪৭ জন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছে আসক।

গত ৭ ফেব্রুয়ারি অনলাইন সংবাদমাধ্যম বাংলাদেশ টাইমসের ২১ জন সাংবাদিককে তাদের কর্মস্থল থেকে একটি সেনা ক্যাম্পে নেওয়া ও প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয় বলেও জানিয়েছে আসক।

আসকের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতা বেড়েছে। এ ঊর্ধ্বমুখী ধারা ফেব্রুয়ারি মাসে অব্যাহত থাকার পাশাপাশি হতাহতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতি তত বেশি সহিংস হয়ে উঠছে এবং সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রবণতাও বাড়ছে।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের এমন ধারাবাহিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। সেই সঙ্গে সংবিধান অনুযায়ী সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের শাসন বজায় রাখা এবং প্রতিটি নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে আসক।

একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন অবাধ ও নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে প্রত্যাশাও ব্যক্ত করেছে আইন ও সালিশ কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *