উত্তপ্ত টুঙ্গিপাড়া: মাইকিং করে থানায় হামলা ও অগ্নিসংযোগ আসামি ছিনতাই
- ডেস্ক রিপোর্ট:
- 17 Nov, 2026
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ এবং আসামি ছিনতাইয়ের দুঃসাহসিক ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মাইকে ঘোষণা দিয়ে শত শত লোক জড়ো করে থানা ঘেরাও করেন তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর থানা চত্বরের একাধিক গাড়ি, ভবন ও পুলিশ মেসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের পাশে চা পানের সময় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। এরপর লাঠিসোঁটা হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তারা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুরুতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। কিন্তু উত্তেজিত জনতার তোপের মুখে একপর্যায়ে পুলিশ সদস্যরা পিছু হটতে বাধ্য হন এবং আত্মরক্ষার্থে থানা ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন। এই সুযোগে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা থানা চত্বরে থাকা পুলিশের অন্তত তিনটি গাড়ি, থানা ভবন এবং পাশের পুলিশ মেসে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে লকাপে থাকা গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে বীরদর্পে এলাকা ছাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং হামলাকারীদের উল্লাস করতে দেখা যায়।
ঘটনার পর পুরো টুঙ্গিপাড়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফা বাজার, খালেক বাজার, পাটগাতি মোড় ও বর্ণিসহ বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
এদিকে, থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাস্তায় বিক্ষুব্ধ জনতা অবস্থান নেওয়ায় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তাদের গাড়ি মাঝপথেই আটকে থাকে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম এবং পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা থানায় হামলা, অগ্নিসংযোগ ও আসামি ছিনিয়ে নেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এই তাণ্ডবের ঘটনায় থানা থেকে কোনো অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

