মজুরি বোর্ডের সভা স্থগিতের জেরে উত্তাল গাজীপুর, বন্ধ ৬২ কারখানা
- ডেস্ক রিপোর্ট:
- 16 Nov, 2026
ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত সভা হঠাৎ স্থগিত হওয়ার খবরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল।
সোমবার সকালে ও বিকেলে বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরে মোট ৬২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে বিকেলে কারখানা ছুটি হলে নাওজোর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন।
অন্যদিকে ঢাকা-ময়মনসিংহের ভোগড়া এলাকাতেও সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে বিপুলসংখ্যক পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, গাজীপুর জেলা ও মহানগর এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক কারখানার সামনে নোটিশ না থাকলেও সেখানে উৎপাদন বন্ধ রয়েছে।
অন্যদিকে, সাভার-আশুলিয়ায় সোমবার নতুন করে কোনো অসন্তোষ বা কর্মবিরতির ঘটনা না ঘটলেও সেখানে ৪০টি কারখানা এখনো বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি, অনির্দিষ্টকালের জন্য ৯টি এবং সাধারণ ছুটির আওতায় চারটি কারখানা বন্ধ রয়েছে। তবে সাভার-আশুলিয়ার পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভাটি সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়ার পর, আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সভা শুরুর মাত্র ২-৩ ঘণ্টা আগে ‘অনিবার্য কারণবশত’ তা স্থগিত করে নোটিশ দেওয়া হয়। বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি অসুস্থ থাকায় সভা স্থগিত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।
তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র ও বিজিএমইএ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভা স্থগিতের পেছনে ভিন্ন কারণও রয়েছে। মালিকপক্ষ ১৫ হাজার টাকার আশপাশে তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করে রেখেছিল। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে মালিকদের এই প্রস্তাব পরিস্থিতি আরও নাজুক করে তুলতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে সতর্ক করে। এর প্রেক্ষিতেই সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সভাটি স্থগিত করা হয়।
তবে শ্রম বিশেষজ্ঞরা মজুরি বোর্ডের সভা স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের মতে, শ্রম আইন অনুযায়ী বোর্ডের চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকলেই সভার কোরাম পূর্ণ হয়, তাই কোনো একজনের অনুপস্থিতিতে সভা স্থগিত করার প্রয়োজন নেই।
মালিকপক্ষের প্রস্তাব জমা পড়লে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতো এবং শ্রমিকদের মাঝে একটি ইতিবাচক বার্তা যেত। মজুরি নির্ধারণে এমন বিলম্ব ও অনিশ্চয়তা শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও উসকে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

